ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করা হয়েছে—এমন তথ্য পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে বাড়িটি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করা হয়েছে।’
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
Leave a comment