চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। নকল চাবি দিয়ে পিকআপটি চালু করে নিয়ে যান এক ব্যক্তি। এ ঘটনায় গাড়িটি উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার পেট্রোল মোবাইল টিমের সদস্যরা দুপুরে পিকআপটি জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে রেখে পাশের একটি ক্যানটিনে নাশতা করতে যান। পরে বিকেল পৌনে তিনটার দিকে ফিরে এসে তাঁরা পিকআপটি আর সেখানে পাননি।
আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি পিকআপটির কাছে এসে নকল চাবি দিয়ে সেটি চালু করেন। এরপর গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি বলেন, হালিশহর থানার মোবাইল পেট্রোল টিমের সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে ক্যানটিনে নাশতা করতে গিয়েছিলেন। এ সময় নকল চাবি ব্যবহার করে এক ব্যক্তি পিকআপটি নিয়ে যান।
আমিনুর রশিদ আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত এবং পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে।
দিনদুপুরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিকআপটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
Leave a comment