কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের বিভিন্ন স্থানে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসব কর্মসূচির ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টা ৩৪ মিনিট থেকে ১২টা ৫১ মিনিটের মধ্যে ১৭ মিনিটের ব্যবধানে তিনি তিনটি ভিডিও পোস্ট করেন। এ ছাড়া আরও দুটি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের পোস্ট শেয়ার করেন তিনি।
প্রতিমন্ত্রীর পোস্টের ক্যাপশন অনুযায়ী, ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা মোড়, ঢাকা-খুলনা-গোপালগঞ্জ মহাসড়কের চন্ডিবর্দি এবং ঝাটুরদিয়া বাজার এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। ভিডিওগুলোতে কয়েকজন নেতা-কর্মীর হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।
দুপুর ১২টা ৩৪ মিনিটে দেওয়া পোস্টে ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা মোড়ে নগরকান্দা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচির কথা উল্লেখ করা হয়। একই পোস্টের ক্যাপশনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ঝাটুরদিয়া বাজার এলাকায় নগরকান্দা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
এরপর দুপুর ১২টা ৩৭ মিনিটে ঢাকা-খুলনা-গোপালগঞ্জ মহাসড়কের চন্ডিবর্দি এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচির একটি ভিডিও পোস্ট করেন প্রতিমন্ত্রী। সর্বশেষ দুপুর ১২টা ৫১ মিনিটে একই এলাকায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচির আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি।
প্রতিমন্ত্রীর ফেসবুক পোস্টের ক্যাপশন ও ভিডিওতে দেখা যায়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। তাঁদের কয়েকজনের হাতে রামদাসহ দেশীয় অস্ত্র দেখা গেছে।
Leave a comment