যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ কয়েকটি জেলার সঙ্গে ঢাকার সরাসরি বাস যোগাযোগ বন্ধ রয়েছে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিকেল পাঁচটা থেকে এ রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে যাত্রীদের ভোগান্তি কমাতে আজ রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকল্প পথে বাস চলাচল শুরু হবে। খুলনা থেকে যশোর ও আরিচা হয়ে ঢাকায় যাতায়াত করবে বাসগুলো।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান সাংবাদিকদের বলেন, গতকাল বিকেলে গোপালগঞ্জের পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই বাগেরহাটের মোল্লাহাটেও সড়কে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুরো এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে বিকেল পাঁচটা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
জাহিদ খান আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। তবে রোববার সকাল থেকে যশোর-আরিচা বিকল্প পথে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল শুরু হবে।
এর আগেও গত ১৮ নভেম্বর দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। সে সময়ও যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রেখেছিলেন মালিকেরা।
Leave a comment