সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তুত গাতলুয়াক মানিমে ও দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ ভি কোসমোদেমিয়ানস্কির একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে উপদেষ্টা মানিমের শারীরিক গড়ন অস্বাভাবিক বড় দেখানো হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, মূল ছবিটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছবিটি ছড়িয়ে পড়ে। পোস্টে দাবি করা হয়, রাশিয়ার রাষ্ট্রদূত দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশটির খাদ্যনিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
এক্স ব্যবহারকারী স্টিভ বিকো ওসুর পোস্ট থেকে ছবিটি ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের ২৪ নভেম্বর পর্যন্ত পোস্টটিতে এক হাজারের বেশি রিপোস্ট ও পাঁচ হাজারের বেশি লাইক পড়ে। পোস্টের ক্যাপশনে বলা হয়, দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তুত (দিপি লুও) গাতলুয়াক মানিমের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত এ ভি কোসমোদেমিয়ানস্কি। বৈঠকে দক্ষিণ সুদানের খাদ্যনিরাপত্তাহীনতা নিয়ে আলোচনা হয়েছে।
তবে ছবিটির সত্যতা যাচাই করে ফ্যাক্টচেকহাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি মূল ছবির অবিকৃত সংস্করণ নয়।
ফ্যাক্টচেকহাবের অনুসন্ধানে ছবিটির মূল সংস্করণ পাওয়া যায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। ২০২৬ সালের ১৮ নভেম্বর মন্ত্রণালয়টি ছবিটি প্রকাশ করে। ছবির সঙ্গে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘দক্ষিণ সুদানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার মধ্যে বৈঠক’।
মূল ছবিতে রাশিয়ার রাষ্ট্রদূত এ ভি কোসমোদেমিয়ানস্কির পাশে দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তুত গাতলুয়াক মানিমেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অর্থাৎ, দুই কর্মকর্তার মধ্যে বৈঠকটি বাস্তব ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মানিমের শারীরিক গড়ন পরিবর্তন করা হয়েছে।
মূল ছবি ও ভাইরাল ছবির তুলনা করে ফ্যাক্টচেকহাব জানায়, দুটি ছবিতে কর্মকর্তাদের অবস্থান, দক্ষিণ সুদানের জাতীয় পতাকা, প্রেসিডেন্টের প্রতীক, প্রেসিডেন্ট সালভা কিরের প্রতিকৃতি এবং কক্ষের আসবাবপত্র একই রয়েছে। তবে ভাইরাল ছবিতে মানিমের পেট ও শরীরের সামগ্রিক প্রস্থ অনেক বেশি দেখানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রিভার্স ইমেজ সার্চ ও ছবি বিশ্লেষণের মাধ্যমে মূল ছবিটি শনাক্ত করা হয়েছে। তবে ছবিটি ঠিক কোন পদ্ধতিতে সম্পাদনা করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ফ্যাক্টচেকহাব।
সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, দুই কর্মকর্তার বৈঠকের ছবিটি আসল হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংস্করণটি ডিজিটালভাবে বিকৃত।
Leave a comment