Home জাতীয় ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, পরিবার বলছে জুলাই আন্দোলনকারী
জাতীয়

‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, পরিবার বলছে জুলাই আন্দোলনকারী

Share
Share

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে পরিবারের দাবি, গ্রেপ্তার দুজনই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আন্দোলনে তাঁদের অংশ নেওয়ার ছবিও সামনে এসেছে।

গ্রেপ্তার দুই যুবক হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি উপজেলার কাঁকনহাট এলাকায়। তবে তিনি গোদাগাড়ীতে তাঁর নানার বাড়িতে থাকেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে চার যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে গোদাগাড়ী উপজেলা সদর থেকে পৌরসভার সামনে যান। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসলে পুলিশ তাঁদের আটক করে।

তবে গ্রেপ্তার দুজনের পরিবারের দাবি, শাহামাত ও সাইফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। বরং ২০২৪ সালের জুলাই আন্দোলনে তাঁরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

পরিবারের দেওয়া একটি ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন শাহামাত ও সাইফ। পরিবারের দাবি, ছবিটি ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে তোলা হয়েছিল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমানও গ্রেপ্তার দুই যুবকের জুলাই আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি দাবি করেছেন।

আতিকুর রহমান বলেন, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে গোদাগাড়ীর একজন আন্দোলনকারী তাঁকে জানিয়েছেন। তবে গ্রেপ্তারের ঘটনার বিস্তারিত তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন তিনি।

শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দাবি করেন, তাঁর ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতেও ছিলেন তাঁরা।

ছেলেকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাদিকুল ইসলাম বলেন, থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় কাউকে আটক করার প্রয়োজন ছিল বলেই তাঁর ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথমে তাঁকে জানিয়েছিলেন, চায়ের দোকানে বসে মদ্যপানের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু পরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শাহামাতের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও অস্বীকার করেন তাঁর বাবা। তিনি বলেন, তাঁর ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। পড়াশোনার চাপে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁদের পরিবার বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, গ্রেপ্তার দুজন জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন কি না, তা তাঁর জানা নেই।

ওসি জানান, দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে দুজন পালিয়ে যান এবং বাকি দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তারের ঘটনায় পুলিশের কোনো ভুল হয়নি বলেও দাবি করেন ওসি সুজন মিঞা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

Related Articles

নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হলে প্রতিরোধ করবে বিজিবি

নাশকতার উদ্দেশ্যে কেউ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিরোধ...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে...

হেফাজতের প্রতিবাদে কুমিল্লায় মাহফিল করতে পারলেন না তাহেরী

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ ও প্রশাসনের অনুমতি না...

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার...

;