Home জাতীয় অপরাধ মাদারীপুরে লকডাউন ঘিরে সংঘর্ষ, আওয়ামী লীগের কর্মী নিহত; হোটেলে হামলা
অপরাধজাতীয়

মাদারীপুরে লকডাউন ঘিরে সংঘর্ষ, আওয়ামী লীগের কর্মী নিহত; হোটেলে হামলা

Share
Share

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে নিজামউদ্দিন মৃধা নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এদিকে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে হামলা, ভাঙচুর ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত নিজামউদ্দিন মৃধা শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার বাসিন্দা। তিনি দাদন মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকেই মাদারীপুরের টেকেরহাট বন্দরে দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়ক দখল করে অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে গোপালগঞ্জ ও ফরিদপুরের নেতা-কর্মীরাও যোগ দেন বলে জানা গেছে। রোববার ভোর থেকে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে ভোর চারটার দিকে শিবচরের কাঁঠালবাড়ি থেকে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা অংশ পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে পদ্মা সেতুসংলগ্ন জাজিরা এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে নিজামউদ্দিন মৃধা নিহত হন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে।

সংঘর্ষের মধ্যে মাদারীপুর শহরে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে হামলা চালানো হয়। হামলাকারীরা হোটেলের জানালার কাচ ভাঙচুর করেন এবং পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটান। তবে এ হামলায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টেকেরহাট বন্দর এলাকায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এদিকে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার দুপুর দুইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। যানবাহন চলাচল শুরু হলে যাত্রী ও চালকদের দুর্ভোগ কমতে থাকে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুসংলগ্ন এলাকায় ঘটেছে। নিহত ব্যক্তির বাড়ি শিবচরের কুতুবপুরে। ভোরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই সুযোগে রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে ঢুকে বিপুল পরিমাণ...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। তাঁর এ বক্তব্যের একটি ভিডিও...

Related Articles

রামদা নিয়ে বিএনপির অবস্থান, ১৭ মিনিটে শামা ওবায়েদের ফেসবুকে ৩ পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের বিভিন্ন স্থানে রামদাসহ দেশীয়...

সাংবাদিকতায় শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, সহজ হবে নিবন্ধন

সাংবাদিকতার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই। তবে সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া...

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর...

সাবেক ছাত্রদল নেতার বাসায় মাদক সেবন, ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

বরগুনার বেতাগী উপজেলায় ছাত্রদলের সাবেক এক নেতার বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের...

;