চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো হন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা দুইটার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া ইসতেকবার হোসাইন শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে বীর চট্টলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল হবে, পারলে ঠেকাইস।’
পোস্ট দেওয়ার প্রায় ২০ মিনিট পর, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী জড়ো হন।
একপর্যায়ে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পাশাপাশি যুবদলের কয়েকজন নেতা-কর্মীও সেখানে জড়ো হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করেন।
পরে সিনেমা প্যালেস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী।
এদিকে মিছিলের ঘোষণা দেওয়া ইসতেকবার হোসাইন পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ছবিও প্রকাশ করেন।
নাশকতার আশঙ্কায় সতর্ক ছিল পুলিশ
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, জুমার নামাজের পর সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ আগে থেকেই নগরের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল।
তিনি বলেন, সিনেমা প্যালেস এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয় এবং ২০ জনকে আটক করে।
আগের রাতে আরও দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে কোতোয়ালি থানার শাহ আমানত (রা.) মাজার এলাকা থেকে ককটেলসদৃশ বস্তুসহ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চান্দগাঁও থানা ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মাইন এবং পাঁচলাইশ থানা ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম।
পুলিশের দাবি, তাঁরা নাশকতার উদ্দেশ্যে ককটেলসদৃশ বস্তু নিয়ে মাজার এলাকায় অবস্থান করছিলেন।
উল্লেখ্য, শাহ আমানত (রা.) মাজারের কাছেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা এবং উদ্ধার করা বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Leave a comment