বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’
তিনি বলেন, তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর যৌথ অংশগ্রহণ বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারত্ব ও সক্ষমতা আরও বাড়াবে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সেখানে প্রধানমন্ত্রী তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলনরত কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
দ্বীপটিতে এর আগেও বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া এবারই প্রথম আয়োজন করা হয়।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
Leave a comment