সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন (৩৮) নামের এক প্রাইভেট শিক্ষককে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীকেও উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগেও একই কায়দায় দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসআরবি-১২।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ অভিযানিক দল শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, রাজিব হোসেন এর আগেও একইভাবে তাঁর দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাঁদের বিয়ে করলেও কয়েক মাসের মধ্যে দুজনকেই তালাক দেন তিনি। বর্তমানে তাঁর একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a comment