শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে সংসারের বোঝা। বই-খাতা ছেড়ে ধরতে হচ্ছে সংসারের হাল, অল্প বয়সেই নিতে হচ্ছে মাতৃত্বের দায়িত্ব। বাল্যবিবাহ বন্ধে আইন, নীতিমালা ও নানা উদ্যোগ থাকলেও বাংলাদেশে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১৮ বছরের আগে বিয়ের সামগ্রিক হার কিছুটা কমলেও ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মধ্যে বিয়ের প্রবণতা বেড়েছে। এর পাশাপাশি জোরপূর্বক বিয়ের কারণে অনেক কিশোরী হারাচ্ছে জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা ও সম্মতির অধিকার।
দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, নিরাপত্তাহীনতা ও পারিবারিক চাপের বেড়াজালে আটকে যাচ্ছে অসংখ্য কিশোরীর ভবিষ্যৎ। অল্প বয়সে বিয়ের কারণে বাড়ছে অপরিণত মাতৃত্বের ঝুঁকিও। এমন বাস্তবতায় আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস।
বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) ১৯৯৩-৯৪ সালের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৭৩ শতাংশের বিয়ে হয়েছিল ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ২০২২ সালে এ হার কমে দাঁড়ায় ৫১ শতাংশে। অর্থাৎ প্রায় তিন দশকে বাল্যবিবাহের হার কমেছে মাত্র ২২ শতাংশীয় পয়েন্ট। বছরে গড় হিসাবে এই হ্রাসের হার প্রায় শূন্য দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট।
২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য অনুযায়ী, উচ্চমাধ্যমিক সম্পন্ন করা ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদেরও ২৫ শতাংশের বিয়ে হয়েছিল ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। এমনকি সবচেয়ে ধনী পরিবারের নারীদের ক্ষেত্রেও এ হার ৩১ দশমিক ৫ শতাংশ। সার্বিকভাবে ১৮ বছরের আগে বিয়ের হারে শহর ও গ্রামের মধ্যে ব্যবধানও খুব বেশি নয়। শহরে এ হার ৪২ দশমিক ৫ শতাংশ, গ্রামে ৪৯ দশমিক ৪ শতাংশ।
বাল্যবিবাহ একটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেড়ে নেয়। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া মোট শিক্ষার্থীর প্রায় ৪২ শতাংশ এবং ছাত্রীদের প্রায় ৭১ শতাংশের ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ বাল্যবিবাহ।
অল্প বয়সে বিয়ের ফলে কিশোরীরা শারীরিক ও মানসিক নানা ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে অপরিণত বয়সে গর্ভধারণ মা ও শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য বলছে, কিশোরী মাতৃত্বের হার (অ্যাডোলেসেন্ট বার্থ রেট—এবিআর) ৮৩ থেকে বেড়ে ৯২ হয়েছে। অর্থাৎ প্রতি বছর প্রতি ১ হাজার ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়ের মধ্যে ৯২ জন মা হচ্ছে। এই হার বৃদ্ধি কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ার ইঙ্গিত দেয়। পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ সেবার ঘাটতিও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
বাল্যবিবাহের ফলে অনেক কিশোরী অর্থনৈতিকভাবে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। একই সঙ্গে তাদের পারিবারিক সহিংসতার ঝুঁকিও বাড়ে।
বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রণয়ন করা হয়েছে। এ আইনে বিয়ের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কের বিয়ে আয়োজন, সম্পাদন বা এতে সহযোগিতা করার ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। আইনের কার্যকর প্রয়োগ, জন্মনিবন্ধন নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে। কিন্তু কোনো আইন তখনই মেয়েদের সুরক্ষা দিতে পারে, যখন তারা সে আইন সম্পর্কে জানবে এবং বিচারব্যবস্থা তাদের জন্য সহজলভ্য হবে ও পুরোপুরি জবাবদিহির আওতায় থাকবে।’
তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবধূদের বাস্তব জীবনের পরিস্থিতি নিয়ে নির্ভুল সংবাদ পরিবেশন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে। পাশাপাশি, মেয়েদের শিক্ষা সম্পন্ন করতে এবং বাল্যবধূ ও মা হয়ে যাওয়ার পরিবর্তে নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াবে।’
নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন হক বলেন, তাঁর মনে হয় বাল্যবিবাহ কমলেও কিশোরী বিয়ে কমছে না। কিশোরী বিয়ের অন্যতম কারণ পারিবারিক ও সামাজিক অসচেতনতা। এ প্রবণতা সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে।
শিরীন হক বলেন, কোনো নারী হয়রানির শিকার হলে অনেক পরিবার সেটিকে ওই নারীর কলঙ্ক হিসেবে দেখে। এ কারণে তাড়াহুড়া করে তাঁকে বিয়ে দিয়ে দেওয়া হয়। পরিবারের ছোট বোনের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কায় তাকে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। অনেক পরিবার মনে করে, শ্বশুরবাড়িতে যাওয়ার পর মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়া সম্ভব হবে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে তা হয় না।
Leave a comment