যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের একটি সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশির ভাগ পদের ক্ষেত্রে মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আইবিএমের এই বিভাগে দেড় লাখের বেশি কর্মী কাজ করেন, যাঁদের বড় একটি অংশ ভারতীয়।
সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে চলে যাওয়া অথবা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যবসায়িক চাহিদার পরিবর্তন এবং দক্ষ কর্মীর প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে আইবিএম।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে এত দিন যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ কর্মী ভিসা কর্মসূচি ব্যবহার করত আইবিএম। তবে কয়েক বছর ধরে এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমছিল।
ওই মুখপাত্রের ভাষ্য, ‘দীর্ঘদিন ধরেই আমাদের অংশগ্রহণ কমছে। দক্ষ কর্মীর প্রাপ্যতা ও গ্রাহকের চাহিদা পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আইবিএম কনসাল্টিংয়ের বেশির ভাগ পদের ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে আইবিএমের সব বিভাগে ভিসা স্পনসরশিপ বন্ধ করা হচ্ছে না। সিদ্ধান্তটি মূলত প্রতিষ্ঠানটির কনসাল্টিং বিভাগের বেশির ভাগ পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কর্মরত হাজারো ভারতীয় পেশাজীবী অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। বিশেষ করে এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীরা বেশি সমস্যায় পড়তে পারেন। কারণ, অনেক বিদেশি পেশাজীবী কাজের ভিসা ও স্থায়ীভাবে বসবাসের অনুমতির আবেদনের জন্য নিয়োগদাতার স্পনসরশিপের ওপর নির্ভর করেন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আইবিএমের কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যাঁরা যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে কাজ করতে রাজি হবেন না, তাঁদের তিন মাসের বিচ্ছেদ ভাতা দেওয়া হবে। সে ক্ষেত্রে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর তাঁদের শেষ কর্মদিবস হবে।
Leave a comment