এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসরুমে পাঠদানে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ক্লাস বাদ দিয়ে কোচিং সেন্টারে পাঠদান এবং মিটিং-মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ক্লাস না করালে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা করা হচ্ছে। এমপিওভুক্ত ও বেতনভুক্ত শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে। তাঁরা বাইরে কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।
এমপিওভুক্ত শিক্ষকদের মিটিং-মিছিলে অংশ নেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। দায়িত্ব পালন বাদ দিয়ে মিটিং-মিছিলে যাওয়া কিংবা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া শিক্ষকদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে পাঠদান না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবিতে আন্দোলন প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, বদলির জন্য শিক্ষকরা অনশন করছেন। আগে এ ধরনের বদলির ব্যবস্থা ছিল না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় তিনি এনটিআরসিএ গঠন করেছিলেন। তবে প্রতিষ্ঠানটির মাধ্যমে আগে নিয়োগপ্রক্রিয়ায় ত্রুটি ছিল বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এক প্রান্তের শিক্ষককে অন্য প্রান্তে চাকরির জন্য পাঠানো হয়েছে। এ কারণে বদলি ব্যবস্থা কীভাবে সঠিকভাবে চালু করা যায়, তা নিয়ে তিনি নিজ উদ্যোগে কাজ করছেন। গত ১৯-২০ বছরে শিক্ষকেরা এ বিষয়ে দাবি তোলেননি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও জাতীয়করণের দাবির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে বিভিন্ন স্থানে যাওয়ার পথে নন-এমপিও শিক্ষকেরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং জাতীয়করণের স্লোগান দিয়েছেন।
এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষক এমপিও পাওয়ার যোগ্য, তাঁরা সবাই এমপিও পাবেন। এ জন্য মিছিল-মিটিং করার প্রয়োজন নেই। শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। কোন কোন স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিও পাওয়ার যোগ্য, তা সরকার জানে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এমপিও সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
মেয়েদের উপবৃত্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তি চালু করেছিলেন। তারেক রহমান মেয়েদের ডিগ্রি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসা এখনো ভবন পায়নি, সেগুলোর তালিকা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে ভবন দেওয়া হবে। প্রতিষ্ঠানের ফলাফল ও শ্রেণিকক্ষের শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এ সুবিধা দেওয়া হবে। যেখানে শিক্ষার্থী নেই, সেখানে ভবন দেওয়া হবে না। আর যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলাফল খারাপ, সেগুলো আপাতত এসব সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।
Leave a comment