ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাবা, মা ও ছোট ভাইকে হারিয়ে একা হয়ে পড়েছে সাত বছরের শিশু মহিমা দত্ত। স্বজন হারানোর ভয়াবহ শোকের গভীরতা উপলব্ধি করার বয়স এখনও তার হয়নি। কখনো চুপচাপ বসে থাকছে, আবার কখনো খেলায় মেতে উঠছে। মঙ্গলবার রাতে বাবার সাথে শেষবার কথা হওয়া শিশুটি এখনও অপেক্ষা করে আছে কলকাতা থেকে নিয়ে আসা নতুন লেহেঙ্গা ও চকলেটের জন্য।
কলকাতায় আগুনে প্রাণ হারানো কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্তের একমাত্র কন্যা মহিমা। একই দুর্ঘটনায় তার মা আফসানা শারমীন, তিন বছরের ছোট ভাই শর্ণশীষ দত্ত এবং নানা আকরাম হোসেন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার তাঁদের দেশে ফেরার কথা ছিল, কিন্তু ফিরল তাঁদের নিথর দেহ।
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের বাসভবনে শোকের মাতম থামছেই না। দেবাশীষের বৃদ্ধা মা স্বপ্না দত্তের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। স্বজনদের উদ্দেশ্যে তিনি বারবার বলছেন, “আমার দেবা কই গো? ওর জন্য তো পাবদা মাছ রান্না করে রাখছি।”
এদিকে মহিমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান। কেজি শ্রেণিতে পড়ুয়া মহিমার বিদ্যালয়ে এসে শিক্ষকেরা সমবেদনা জানান এবং তার উচ্চমাধ্যমিক পর্যন্ত যাবতীয় শিক্ষার ব্যয়ভার স্কুল কর্তৃপক্ষ বহন করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন ও স্থানীয় প্রশাসনিক সূত্র জানায়, নিহতদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ উপহাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দ জানিয়েছেন, ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করার পর উপহাইকমিশনের দ্রুত কাগজপত্রের প্রক্রিয়া শেষ করে মৃতদেহ বাংলাদেশে পাঠানোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইতিমধ্যে শোকার্ত পরিবারটিকে সমবেদনা জানাতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা ও জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন তাঁদের বাসভবনে যান। সংসদ সদস্য আমির হামজা শিশু মহিমার লেখাপড়া ও ভবিষ্যতের যাবতীয় দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, অসুস্থ স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান সাংবাদিক দেবাশীষ দত্ত। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে সোমবার রাতে তাঁরা কলকাতা পৌঁছান। পরদিন কেনাকাটা শেষে বুধবার দেশে ফেরার কথা থাকলেও মঙ্গলবার রাতের মর্মান্তিক অগ্নিকাণ্ড কেড়ে নেয় চারজনের জীবন। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন বাংলাদেশিসহ মোট নয়জনের প্রয়াণ নিশ্চিত করা হয়েছে।
Leave a comment