আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তাঁর অভিযোগ, দলটি এখন দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন ফ্যাসিবাদী আচরণ করে। আর যখন ক্ষমতার বাইরে থাকে, তখন নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়ায়। এখন তারা সেই কাজই করছে।’
আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, দলটি ক্ষমতায় থাকাকালে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
আখতার হোসেনের অভিযোগ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরও আওয়ামী লীগ দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলটির নেতা-কর্মীরা নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া সাজা কার্যকরের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, ২০২৫ সালের ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল। এক বছর পার হলেও তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এ ঘটনাকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে মন্তব্য করেন আখতার হোসেন।
ভারত সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি। আখতার হোসেন অভিযোগ করেন, ভারত সরকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অবস্থান থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলটির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a comment