Home সাম্প্রতিক ডয়চে ব্যাংক থেকে ‘ভুলবশত’ ট্রাম্পের কর বিবরণী ফাঁস, নথিতে এপস্টেইন-সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেন
সাম্প্রতিক

ডয়চে ব্যাংক থেকে ‘ভুলবশত’ ট্রাম্পের কর বিবরণী ফাঁস, নথিতে এপস্টেইন-সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেন

Share
Share

ডয়চে ব্যাংকের ফাঁস হওয়া নথিতে জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর বিবরণী ফাঁসের তথ্য উঠে এসেছে। নথি অনুযায়ী, ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ভুলবশত তাঁর কর বিবরণী অন্য এক গ্রাহকের অ্যাকাউন্ট্যান্টের কাছে পাঠিয়ে দিয়েছিল ব্যাংকটি। তবে বিষয়টি হোয়াইট হাউসের কাছে গোপন রাখা হয়েছিল।

২০১৭ সালের মার্চে ঘটে যাওয়া এ ঘটনাকে ডয়চে ব্যাংকের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিশ্চিয়ান সিউইং অভ্যন্তরীণভাবে ‘ভয়াবহ ভুল’ বলে উল্লেখ করেছিলেন। তখন তিনি ব্যাংকটির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। তাঁর অধীন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে ঘটনাটি প্রকাশ না করার কৌশল নিয়েছিলেন।

ঘটনাটি ঘটে ওই বছরের ৩০ মার্চ। সেদিন ডয়চে ব্যাংকের একজন রিলেশনশিপ ম্যানেজার ভুলবশত ট্রাম্পসহ ১ হাজার ৫৮৬টি প্রাইভেট ব্যাংক হিসাবের কর বিবরণী এক গ্রাহকের অ্যাকাউন্ট্যান্টের কাছে পাঠিয়ে দেন। বিষয়টি জানতে পেরে ওই অ্যাকাউন্ট্যান্ট ব্যাংককে অবহিত করেন এবং ফাইলগুলো মুছে ফেলেন।

ডয়চে ব্যাংকের ফাঁস হওয়া লক্ষাধিক নথি বিশ্লেষণ করে এত দিন গোপন থাকা এ ঘটনার বিস্তারিত তথ্য সামনে এসেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি), জার্মানির ডের স্পিগেল, ফ্রান্সের ল্য মঁদ এবং পেপার ট্রেইল মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমের দুই শতাধিক সাংবাদিকের একটি জোট এসব নথি বিশ্লেষণ করেছে।

ট্রাম্প বরাবরই তাঁর কর বিবরণী প্রকাশের বিরোধিতা করে আসছেন। অধিকাংশ মার্কিন প্রেসিডেন্টের বিপরীতে গিয়ে তিনি নিজের কর রিটার্ন প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) এক ঠিকাদারের মাধ্যমে তাঁর কর বিবরণী ফাঁস হওয়ার ঘটনায় চলতি বছরের শুরুতে তিনি নিজের সরকারের বিরুদ্ধেই অন্তত ১ হাজার কোটি ডলারের (১০ বিলিয়ন ডলার) মামলা করেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ওই মামলায় অনুকূল সমঝোতা আদায় করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল।

ডয়চে ব্যাংকের মাধ্যমে কর বিবরণী ফাঁসের ঘটনায় তিনি ক্ষুব্ধ কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ট্রাম্প বলেন, ‘তাদের এটা করা উচিত হয়নি। এমনটা করা তাদের জন্য বেআইনি।’

উল্লেখ্য, তিন দিনের এশিয়া সফরের প্রথম দিন মঙ্গলবার ম্যানিলায় পৌঁছান ট্রাম্প।

১৯৯৮ সালে ট্রাম্পের সঙ্গে ডয়চে ব্যাংকের সম্পর্কের শুরু। পরবর্তী দুই দশকে একাধিকবার ঋণখেলাপি হওয়ার ইতিহাস থাকা সত্ত্বেও ব্যাংকটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ ঋণদাতায় পরিণত হয়। ২০০৮ সালে একটি ঋণসংক্রান্ত বিরোধে ট্রাম্প ব্যাংকটির বিরুদ্ধে মামলা করার পরও তাঁর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল ডয়চে ব্যাংক। ২০২১ সালে ট্রাম্পের সঙ্গে নতুন ব্যবসা বন্ধ করার সময়ও জার্মান এই ব্যাংকের কাছে তাঁর ৩০ কোটি ডলারের বেশি ঋণ বকেয়া ছিল।

কর বিবরণী গোপন রাখার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প যখন তীব্র সমালোচনা ও যাচাই-বাছাইয়ের মুখে, তখনই ডয়চে ব্যাংকে তথ্য ফাঁসের এ ঘটনা ঘটে। সিউইংয়ের নেতৃত্বে ব্যাংকটি যখন বিভিন্ন নৈতিক, আইনি ও আর্থিক বিতর্ক পেছনে ফেলার চেষ্টা করছিল, তখন ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে তথ্য ফাঁসের বিষয়টি গোপন রাখার যৌক্তিকতা নিয়েও আলোচনা শুরু হয়।

ঘটনার পরদিন সিউইংকে পাঠানো এক ইমেইলে ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ফ্রাঙ্ক কুনকে তথ্য ফাঁসের ঘটনাকে ‘বিপর্যয়, তবে বাইরে থেকে দৃশ্যমান হওয়ার আশঙ্কা সীমিত’ বলে উল্লেখ করেন।

তবে ডয়চে ব্যাংক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক শাখা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ককে (নিউইয়র্ক ফেড) ঘটনাটি জানিয়েছিল। এ বিষয়ে ব্যাংকটি যেসব প্রশ্ন তুলেছিল, তার মধ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গ্রাহকদের ওপর সম্ভাব্য প্রভাব এবং গ্রাহকদের বিষয়টি জানানো উচিত কি না, তা-ও ছিল।

গ্রাহকদের না জানানোর পক্ষে ডয়চে ব্যাংকের যুক্তি ছিল, তথ্যের অপব্যবহারের আশঙ্কা ‘খুবই কম’। কারণ, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট্যান্ট ফাইলগুলো ডাউনলোড করেননি। বরং তিনি নিজে থেকেই ব্যাংককে বিষয়টি জানিয়েছিলেন এবং পরে ফাইলগুলো মুছে দিয়েছিলেন।

৪ এপ্রিল কুনকে সিউইংকে জানান, তিনি নিশ্চিত করতে পেরেছেন যে ঘটনাটিকে ‘ব্যক্তিগত তথ্য ফাঁস’ হিসেবে চিহ্নিত করা হবে না। বরং একে ‘ডিজিটাল ইউনিট রিলিজ’ হিসেবে আখ্যায়িত করা হবে।

এর আগে আরেক সহকর্মীকে পাঠানো ইমেইলে কুনকে বলেছিলেন, ‘কোনো তথ্য নিরাপত্তা লঙ্ঘন হয়নি, বিষয়টি প্রতিষ্ঠিত করতে আমাদের জোটবদ্ধভাবে অবস্থান নেওয়া উচিত।’ একই সঙ্গে তিনি বাইরে, বিশেষ করে হিসাবধারীদের কাছে, এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ না করার পক্ষে মত দেন।

৬ এপ্রিল সিউইং কুনকেকে জানান, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে তথ্য ফাঁসের ঘটনাটি নিয়ন্ত্রক বিধিমালার লঙ্ঘন নয়, বরং ‘অল্পের জন্য রক্ষা পাওয়ার মতো একটি ঘটনা’। তিনি আরও জানান, ডয়চে ব্যাংকের সংশ্লিষ্ট ব্যবসায়িক শাখা এ বিষয়ে একটি ‘হালকা ধরনের তদন্ত’ পরিচালনা করবে।

পরদিন ৭ এপ্রিল ডয়চে ব্যাংক ও নিয়ন্ত্রকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর কুনকে সিউইংকে জানান, ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া ছাড়া বাকি সবকিছু ‘পরিকল্পনা অনুযায়ী’ হয়েছে। জবাবে সিউইং লেখেন, ‘খুব ভালো! অভিনন্দন।’

সিউইং আরও বলেন, ঘটনাটি শেষ পর্যন্ত আনুষ্ঠানিক তদন্তে গড়ালেও সমস্যা নেই। তবে তাঁর ভাষায়, ‘যা ঘটেছে, তা একটি ভয়াবহ ভুল।’

এ বিষয়ে ডয়চে ব্যাংকের একজন মুখপাত্র বলেন, ‘সম্ভাব্য, সাবেক বা বর্তমান গ্রাহকদের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। সাধারণভাবে, মার্কিন তদারকি কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকের আলোচনা এবং সন্দেহজনক কার্যক্রমের প্রতিবেদন—সেগুলোর অস্তিত্ব থাকুক বা না থাকুক—এসব বিষয়ে মন্তব্য করা ব্যাংকগুলোর জন্য আইনত নিষিদ্ধ।’

মন্তব্যের অনুরোধে সাড়া দেননি কুনকে। নিউইয়র্ক ফেডও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, ভুলবশত নথিগুলো পাওয়া ওই অ্যাকাউন্ট্যান্ট জানিয়েছেন, ঘটনাটি তাঁর মনে নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

অবৈধ হুটার ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর...

Related Articles

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ।...

ভারত–পাকিস্তানের দূষিত বাতাসেও বাড়ছে বাংলাদেশের বায়ুদূষণ

বাংলাদেশের বায়ুদূষণের একটি উল্লেখযোগ্য অংশের উৎস দেশের বাইরে। ভারত ও পাকিস্তান থেকে...

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক...

গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন

গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা...

;