কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তবে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শরীফুল আলম বলেন, ইতিমধ্যে দুর্গাপূজার কার্যক্রম শুরু হয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য বছরের তুলনায় এবার আরও ভালোভাবে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।
মাদক সমস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদক শুধু টাঙ্গাইলের নয়, এটি সারা দেশের জাতীয় সমস্যা। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই সচেতন ও উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত অপরাধে টাঙ্গাইলে যে পরিমাণ মামলা হয়েছে, তা অন্য কোনো জেলায় হয়নি।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।
এ সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a comment