Home জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

Share
Share

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মীদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় জানান তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য এটি একটি স্মরণীয় দিন। প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। সরকারের লক্ষ্য প্রায় ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে দেশটিতে পাঠানো।

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা শিক্ষায় গুরুত্ব

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। প্রশিক্ষিত কর্মীরা বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ পেলে নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতার ওপরও গুরুত্ব দেন সরকারপ্রধান।

তিনি জানান, বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে সেসব দেশের ভাষা শেখানোর কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর মতে, সংশ্লিষ্ট দেশের ভাষা জানা থাকলে কর্মীদের কাজ বুঝতে, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে এবং দৈনন্দিন জীবনে মানিয়ে নিতে সুবিধা হবে।

বিদেশের আইন ও সংস্কৃতি মেনে চলার আহ্বান

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের কাজ ও আচরণের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। কর্মীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে বিদেশি নিয়োগদাতারা আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী হতে পারেন।

পরে মালয়েশিয়াগামী কর্মীদের সুস্থতা ও সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কর্মী পাঠানোর কার্যক্রমে যুক্ত মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

মাসিক বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত

সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই কর্মী নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকারী প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রথম ধাপের ১১২ জন কর্মী নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

প্রতিটি নিয়োগ চুক্তির মেয়াদ তিন বছর। চুক্তি নবায়নের সুযোগও রয়েছে।

নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, চিকিৎসা সুবিধা এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে। ফলে নির্বাচিত কর্মীদের বিদেশে যেতে কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না।

ডিসেম্বরে আরও ২২৫ কর্মী পাঠানোর পরিকল্পনা

সরকারি উদ্যোগে আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে এ কার্যক্রম চালু করা হলো।

এর আগে চলতি বছরের ২২ জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, বোয়েসেলের প্রতিনিধি এবং মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল...

;