তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ থামেনি। মজুরি নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানের অভিযোগে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সাতটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
সকাল ৯টার দিকে শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল থেকে সাতটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
এদিকে চলমান শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকে বন্ধ ঘোষণা করা ২২টি কারখানাও আজ বন্ধ রয়েছে।
শিল্প পুলিশের এই কর্মকর্তা জানান, এর বাইরে শিল্পাঞ্চলের অধিকাংশ সচল কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।
সকাল ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
Leave a comment