আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছিলেন রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই)। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন। রাষ্ট্রপতির আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
এসআই মাহমুদুর রহমানকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই পরোয়ানা তামিল করতে তিনি সেখানে গেছেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমার দেশ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়। মামলার বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এতে অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আমার দেশ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি। এর মধ্যেই মামলাটিতে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় যায় পুলিশ। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আমার দেশ-এর প্রতিবেদনে আরও বলা হয়, ২০১০ সাল থেকে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা করেন। এসব মামলায় রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ ও মানহানির অভিযোগ আনা হয়। কয়েকটি মামলায় তাঁর সাজাও হয়। এসব মামলায় তাঁকে দুই দফায় দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছিল মাহমুদুর রহমানকে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময়েও মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো চলমান রয়েছে। এদিকে আইনমন্ত্রী সংসদে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছেন। তবে এসব সাংবাদিকের বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে এখনো নিষ্পত্তির তথ্য পাওয়া যায়নি।
Leave a comment