কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতা ও সহিংসতা প্রতিরোধের ঘোষণা দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে মোটরসাইকেল শোভাযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে।
সোমবার (২৩ নভেম্বর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর এলাকা হয়ে মিরপুর ১২ নম্বরে পৌঁছাবে।
কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেলের অংশ নেওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আওয়ামী লীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দলটির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
Leave a comment