Home আঞ্চলিক জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ
আঞ্চলিকরাজনীতি

জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ

Share
Share

নোয়াখালীর বেগমগঞ্জে যুবদলের এক কর্মীকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দুই দফায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মাইজদী-সোনাপুর সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তাহেরপুর গ্রামে হামলার ঘটনায় যুবদল কর্মী শাকিল মাহমুদ (৩১) গুলিবিদ্ধ হন। এ সময় তাঁর পরিবারের সদস্যসহ আরও সাতজন আহত হন।

পরে শাকিলের পরিবারের পক্ষ থেকে করা মামলায় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ৩৬ জনকে আসামি করা হয়।

সোমবার দুপুরে মামলার আসামিরা নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়জনের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের জামিন মঞ্জুর করা হয়।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন জামায়াতে ইসলামীর মোহর আলী, বীন আমিন, নুর মোহাম্মদ ও নুর নবী এবং ছাত্রশিবিরের হাম্মাদুর রহমান ও আনাস বিন মুনির।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন নামঞ্জুরের প্রতিবাদে বেলা দুইটার দিকে জেলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে পৌঁছায়। সেখানে সড়কের এক পাশ বন্ধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

পরে আদালত চত্বর থেকে দ্বিতীয় দফায় মিছিল বের করে জিলা স্কুলের সামনে মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহবুব অভিযোগ করেন, বেগমগঞ্জের ছয়ানীতে হামলা ও গুলির ঘটনা বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটেছে। ওই ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

এদিকে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, বেগমগঞ্জের একটি মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ওসি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

অর্জুন সিংয়ের বক্তব্যে সরকারের কূটনৈতিক নিষ্ক্রিয়তা লজ্জাজনক: নাহিদ ইসলাম

বাংলাদেশ দখল নিয়ে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্যের পরও সরকারের পক্ষ...

জুলাই সনদ পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য নয়: জামায়াত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি উপেক্ষা করে সরকারের সঙ্গে কোনো জাতীয় ঐক্যে...

প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, আধিপত্যবাদের কাছে মাথা নত নয়: রাশেদ খাঁন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধ করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর...

গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটে লেনদেন করতে পারছেন না কিছু গ্রাহক, অন্যদের সেবা সচল

গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা কিছু মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)...

;