২০১৫ সালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ের একটি ছবি প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় দেখা যায়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছবিটি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তৎকালীন নির্যাতনের অভিজ্ঞতা, চিকিৎসা না পাওয়ার অভিযোগ এবং কঠিন সময়ে পাশে থাকা রাজনৈতিক সহকর্মীদের স্মৃতিচারণ করেন।
ফেসবুক পোস্টে নয়ন জানান, ছবিটি ২০১৫ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তোলা। তাঁর অভিযোগ, তৎকালীন প্রশাসনের সদস্যরা তাঁকে শটগান ঠেকিয়ে গুলি করার পর একটি নালার সুড়ঙ্গে ফেলে দিয়েছিলেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে নয়ন লেখেন, পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় তাঁকে যন্ত্রণায় থাকতে হয়েছিল। সে সময়ের স্মৃতি মনে পড়লে এখনো তাঁর চোখ ভিজে ওঠে।
নয়নের দাবি, চাকরি হারানোর আশঙ্কায় হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে চিকিৎসাসেবা দিতে ভয় পেতেন। ফলে গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালের বিছানায় প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিন কাটাতে হয়েছিল তাঁকে।
পোস্টে ওই কঠিন সময়ে পাশে থাকা রাজনৈতিক সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবদলের এই নেতা।
তিনি জানান, নানা ঝুঁকি উপেক্ষা করে কয়েকজন রাজনৈতিক সহকর্মী নিয়মিত হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিতেন। তাঁরা পাশে বসে সাহস দিতেন এবং সহযোগিতার আশ্বাস দিতেন।
প্রকাশিত ছবিতে তাঁর পাশে থাকা একজনের পরিচয়ও তুলে ধরেন নয়ন। তিনি জানান, ওই ব্যক্তি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হুমায়ূন কবির ভূঁইয়া হীরা।
দুঃসময়ে পাশে থাকা সব সহকর্মীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টটি শেষ করেন রবিউল ইসলাম নয়ন।
Leave a comment