Home আঞ্চলিক গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন
আঞ্চলিক

গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

Share
Share

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ ও মহড়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে একদল যুবককে মহড়া দিতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তাঁদের ভাষ্য, শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেলে আসা লোকজন সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় জড়ো হন। সেখানে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁদের হাতে রামদা, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দেখা যায় বলেও দাবি করেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান টহল ছিল না।

হাসপাতালে হামলা, ভাঙচুর ও আগুন

সন্ধ্যা সাতটার পর গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলায় জড়িত।

থানাপাড়া এলাকার পাঁচতলা এ ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। একই তলার একটি কক্ষ কে এম বাবর কার্যালয় হিসেবে ব্যবহার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় হাসপাতালে থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে যান। এ সময় হাসপাতালের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন দেওয়া হয়। পরে আগুন নেভানো হয়। ধোঁয়ায় হাসপাতালের পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে এক নারী নবজাতককে কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে যান। তিনি জানান, তাঁর মেয়ের সন্তান গত রোববার জন্মেছে। এমন পরিস্থিতিতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

হাসপাতালের পাশের একটি ভবনে কে এম বাবর ভাড়া থাকেন। তবে ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না।

রাত ৮টা ২৩ মিনিটে মুঠোফোনে কে এম বাবর বলেন, হাসপাতালে রোগী ছিল। সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, “যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না।”

বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগের অভিযোগ

এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর আগে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় সড়কের অন্তত ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

স্থানীয় সাংবাদিকেরা জানান, সড়ক অবরোধের ছবি তুলতে বাধা দেওয়া না হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি ধারণ করতে গেলে বাধার মুখে পড়তে হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

অবৈধ হুটার ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর...

Related Articles

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ।...

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সাধারণ মানুষের কাছে...

নড়াইলে বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় দলটির সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন।...

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফটকে ছবি পুড়িয়ে বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে...

;