Home জাতীয় দুই হাজার পোলিং এজেন্টকে নিয়ে প্রতিমন্ত্রীর ভূরিভোজ
জাতীয়

দুই হাজার পোলিং এজেন্টকে নিয়ে প্রতিমন্ত্রীর ভূরিভোজ

Share
Share

 

নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুধু মতবিনিময় সভাই নয়, প্রায় দুই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও করেন তিনি। গরু জবাই করে পোলাও-মাংস রান্না করা হয়। কয়েক দফায় চলে খাবার পরিবেশন।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা অংশ নেন। সভা শেষে তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী।

সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমার নির্বাচনে ভোটের দিন যাদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তাঁরা হচ্ছেন আপনারা। আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমি চিন্তা করেছি, যারা ভোটের দিন আমার জন্য দায়িত্ব পালন করেছেন, তাঁদের সঙ্গে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, মতবিনিময় হবে না—এটা হতে পারে না। সে জন্য উদ্যোগ নিয়ে এ আয়োজন করেছি।’

পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ আপনাদের কথা বিশ্বাস করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেই প্রত্যাশা আমি পূরণ করব, ইনশা আল্লাহ। আপনাদের ফোন নম্বর আমি ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি। আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে, কথা বলব। আপনারাই হচ্ছেন বিএনপির মূল প্রাণ।’

দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে। দলের মাধ্যমে আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখব, ইনশা আল্লাহ। এ জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। টাঙ্গাইলে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব, যাতে আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইল দেশের মধ্যে এক নম্বরে থাকে।’

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এর আগে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা একে একে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁদের বক্তব্য শোনেন প্রতিমন্ত্রী। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন আয়োজকদের স্বেচ্ছাসেবকেরা।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।

এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময় এক ব্যবসায়ীকে এমন প্রশ্ন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের দুই দিন...

Related Articles

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে বিশেষ ওএমএস কর্মসূচি...

টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ খাঁন

  বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’...

বিএনপি নেতা ও শিক্ষকের বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু, হুমকির চিরকুট

  যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের...

ডেস্কটপ পিসির যন্ত্রাংশের বাজারদর: প্রসেসর, র‍্যাম ও এসএসডির দাম কত

  ডেস্কটপ কম্পিউটার তৈরির বিভিন্ন যন্ত্রাংশের দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। প্রসেসর,...

;