Home জাতীয় অপরাধ কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অপরাধ

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

Share
Share

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। তবে ডেথ রেফারেন্স ও উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।

মামলার বিবরণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মাকে হত্যা করা হয়। ঘটনার দিন ঝাড়ফুঁকের কথা বলে ওই বাসায় যান মোবারক হোসেন। পরে সুমাইয়াকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করেন তিনি। হত্যাকাণ্ড দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকেও গলা টিপে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৯ সেপ্টেম্বর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন সুমাইয়ার ভাই মো. তাজুল ইসলাম। পরে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।

মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ১৬ আগস্ট আদালত মামলাটি আমলে নেন এবং ২০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৩১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। ১২ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ১৯ অক্টোবর আসামির পরীক্ষা এবং ২৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় আসামিকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, তাহমিনা বেগমকে হত্যার দায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, মামলাটি আদালতে আসার পর অভিযোগ গঠন থেকে রায় ঘোষণা পর্যন্ত ২ মাস ১৫ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং আসামিপক্ষের আইনজীবী তাঁদের জেরা করেছেন। উভয় পক্ষের বক্তব্য ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।

রায়ের পর সুমাইয়ার ভাই ও মামলার বাদী মো. তাজুল ইসলাম বলেন, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ থেকে তাঁরা প্রাথমিকভাবে ন্যায়বিচার পেয়েছেন। তবে মৃত্যুদণ্ডের রায়ের পর ডেথ রেফারেন্স ও উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়া বাকি রয়েছে। এসব প্রক্রিয়া শেষে দ্রুত সাজা কার্যকরের প্রত্যাশা করেন তিনি। উচ্চ আদালতেও ন্যায়বিচার পাবেন এবং মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সুমাইয়ার সহপাঠী ও লোকপ্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সামিউন সোলতানা ঐশী বলেন, এ রায় তাঁদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। শুরু থেকেই তাঁরা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। এখন তাঁদের প্রত্যাশা, উচ্চ আদালতের প্রক্রিয়া শেষে দ্রুত সাজা কার্যকর হবে। ক্যাম্পাসে থাকতেই যেন তাঁরা তাঁদের সহপাঠীর হত্যাকারীর শাস্তি কার্যকর হতে দেখে যেতে পারেন।

একই বিভাগের সহপাঠী নুরানী শেখ বলেন, আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট। তবে আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সাজা কার্যকরে যেন বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সময়ের ফাঁকফোকর দিয়ে আসামি যেন কোনোভাবে শাস্তি থেকে রেহাই না পান, সেটিই তাঁদের প্রত্যাশা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেলেও তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাংলাদেশের সঙ্গে...

Related Articles

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এবার সাময়িক বহিষ্কার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এবার এক...

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি, আতঙ্কে দোকানপাট বন্ধ

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা...

;