ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পেলেও ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিরাপত্তার কারণে সম্প্রতি ওয়াশিংটনে নিজের বাসভবন ছেড়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে আমাদের সাহসী সামরিক সদস্যরা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তাহলে আমি কেন ভয় পাব?’
বেসেন্ট বলেন, ইরান এখন কোণঠাসা হয়ে পড়া বিপজ্জনক প্রাণীর মতো আচরণ করছে। এ পরিস্থিতিতে তিনি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিক্রেট সার্ভিসের নির্দেশনা মেনে নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে চলে গেছেন।
মার্কিন অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ওয়াশিংটনের জর্জটাউনে তাঁর বাসভবনের আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল। নিরাপত্তার কারণে বাসস্থান পরিবর্তনের পেছনে ওই ছবি প্রকাশের ঘটনাও ভূমিকা রেখেছে।
বেসেন্টের মতে, এ ধরনের ছবি প্রকাশ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। সংবাদমাধ্যমকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটি এর আগে জানিয়েছে, মার্কিন ভূখণ্ডে কোনো কর্মকর্তা বা ব্যক্তির ওপর হামলার পরিকল্পনা তাদের নেই।
তবে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা গত মাসে এক স্মারকলিপিতে সতর্ক করেছিলেন, মার্কিন নাগরিক ও সামরিক সদস্যদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা অনেক দূর এগিয়েছে। ওই স্মারকলিপি দেখার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে গত আগস্ট থেকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
ওয়াশিংটনের দাবি, জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করাই এ অভিযানের লক্ষ্য। এর আওতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের পাশাপাশি এ অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযান চলছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেকাংশে বন্ধ রয়েছে।
সূত্র: রয়টার্স
Leave a comment