গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল পাবেন পোশাকশ্রমিকেরা। একজন শ্রমিক সপ্তাহে এক দিন সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শুক্রবার দুপুরে টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিক আফজালুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে এম মঞ্জুরুল করিম রনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সূচনা ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সরকারও শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি শিল্প হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আগামী জানুয়ারি থেকে গার্মেন্টস শ্রমিকেরা নতুন বেতন পাবেন বলেও জানান তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সংসদ সদস্য রনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শ্রমিকদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল জাবের, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, কারখানার কর্মকর্তা ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকেরা নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এ চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক সপ্তাহে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।
Leave a comment