Home জাতীয় টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ খাঁন
জাতীয়

টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ খাঁন

Share
Share

 

বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’ থেকে বেরিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নানের ‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি অনুষ্ঠান ছেড়ে চলে যান।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও ডক্টর আব্দুল মান্নানের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুল মান্নান তাঁকে ‘ফালতু লোক’ বলে অভিহিত করেন। এর প্রতিবাদ জানিয়ে রাশেদ খাঁন বলেন, জাতীয় গণমাধ্যমে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে তাঁর পক্ষে সেখানে বসে থাকা সম্ভব নয়।

পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলাম এ ধরনের ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠানের পক্ষ থেকে মন্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান তিনি।

তবে রাশেদ খাঁন জানান, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাঁকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। ডক্টর আব্দুল মান্নান মন্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি।

সংসদ ও ফেসবুকের বক্তব্য ঘিরে বিতর্ক

এই বিতর্কের সূত্রপাত গত বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে।

এর আগে রাশেদ খাঁন অভিযোগ করে আসছিলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এর জবাবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগটি নাকচ করেন।

তিনি বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার ইতিহাস জামায়াতের নেই। বরং যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তাঁরাই অতীতে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন এবং দেশনীতি ভুল ছিল বলে স্বীকার করেছেন। ওই বক্তব্যে রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাঁকে ‘ফালতু লোক’ ও ‘জামায়াতবিষয়ক সচিব মর্যাদার লোক’ বলে কটাক্ষ করেন তিনি।

জামায়াত আমিরের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান রাশেদ খাঁন। ১১ নভেম্বর রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি ডা. শফিকুর রহমানের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরেকটি পোস্টে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সংসদে ‘ফালতু’ শব্দ ব্যবহারের সমালোচনা করেন। এ ছাড়া অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম ও মিয়া গোলাম পরওয়ারের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

২০১৮ সালের আন্দোলন ও রাজনৈতিক পথচলা

লাইভ অনুষ্ঠানে নিজের আত্মসম্মানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন ২০১৮ সালের আন্দোলনে কারাবরণ ও রিমান্ডে নির্যাতনের কথা উল্লেখ করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক থাকাকালে ২০১৮ সালের ১ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের একটি মামলায় ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরদিন ২ জুলাই আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ৭ মে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০১৮ সালে আটকের পর ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে তাঁকে নির্যাতন করা হয়েছিল। ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগটি ট্রাইব্যুনালের তদন্তাধীন রয়েছে।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খাঁন পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলীয় পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

২০২৬ সালের জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান রাশেদ খাঁন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময় এক ব্যবসায়ীকে এমন প্রশ্ন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের দুই দিন...

Related Articles

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে বিশেষ ওএমএস কর্মসূচি...

দুই হাজার পোলিং এজেন্টকে নিয়ে প্রতিমন্ত্রীর ভূরিভোজ

  নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর...

বিএনপি নেতা ও শিক্ষকের বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু, হুমকির চিরকুট

  যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের...

ডেস্কটপ পিসির যন্ত্রাংশের বাজারদর: প্রসেসর, র‍্যাম ও এসএসডির দাম কত

  ডেস্কটপ কম্পিউটার তৈরির বিভিন্ন যন্ত্রাংশের দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। প্রসেসর,...

;