যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার পর ওই বন্দুকধারী পাশের একটি ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন। খবর আলজাজিরার।
ঘটনাস্থল থেকে আলজাজিরার প্রতিনিধি জন হলম্যান জানান, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় এবং ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী একজন শ্বেতাঙ্গ পুরুষ। তাঁর পরনে ধূসর রঙের শার্ট ছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩টা ২৮ মিনিট) লোগান সার্কেলের কাছে ১৫তম স্ট্রিট এনডব্লিউ ও পি স্ট্রিটের সংযোগস্থলে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনাস্থলের একটি ব্যায়ামাগারের ভেতরে তিনি মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছেন। গুলিবর্ষণের সময় জেমস স্পেলম্যান নামের ওই প্রত্যক্ষদর্শীও ব্যায়ামাগারের ভেতরে ছিলেন। তখন সেখানে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।
স্পেলম্যান বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যেই একজন মাটিতে লুটিয়ে পড়েন এবং রক্তের বন্যা বয়ে যায়। ব্যায়ামাগারের এক সদস্য তাঁকে সাহায্য করতে ছুটে যান। কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। তাঁর ঘাড়ে গুলি লেগেছিল।’
স্পেলম্যান জানান, তিনি ও ব্যায়ামাগারের অন্য সদস্যরা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ১৫তম স্ট্রিট এলাকায় আরও গুলির শব্দ শুনতে পান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যায়ামাগারের ভেতরে প্রায় দুটি এবং বাইরে পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা গেছে।
সকালের ব্যস্ত সময়ে হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর কাছাকাছি অবস্থিত স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ব্লক ঘিরে রেখেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।
Leave a comment