ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন এবং পাশে থাকা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এ ঘটনা ঘটে। একটি শিশু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর অ্যাম্বুলেন্সটি চত্বরে রাখা হলে কিছুক্ষণ পর বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সে আগুন ধরে পাশের মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চালক দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে খুলনায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হাসপাতালের মূল ভবন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ির সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে সিলিন্ডারের যান্ত্রিক ত্রুটি বা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
বাগেরহাটের সিভিল সার্জন আ. স. মো. মাহাবুবুল আলম জানান, আগুন লাগার পরপরই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ত্রুটিপূর্ণ সিলিন্ডার ও ফিটনেসবিহীন অ্যাম্বুলেন্স হাসপাতালের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও জানান তিনি।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে তদন্ত কমিটি গঠনের কথা জানান।
Leave a comment