সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এ প্রতিবাদ জানান।
মানববন্ধনে ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’, ‘নো মোর পলিটিক্যাল ফেভার ইন দ্য জব সেক্টর’ এবং ‘নিয়োগে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত কর’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও লালকার্ড প্রদর্শন করেন তারা।
মানববন্ধনে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস অভিযোগ করেন, বর্তমান প্রশাসন সরকারি চাকরিতে বারবার হস্তক্ষেপ করছে। তার দাবি, এর ফলে আগামী এক বছরের মধ্যে আবারও ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছর সমান সুযোগের জন্য আন্দোলন করার পর ক্ষমতায় এসে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর চেষ্টা চলছে। কোনো অপরাধের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের নামে সাধারণ শিক্ষার্থীদের মেধাতালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অতিরিক্ত রাজনীতিকরণ বা দলীয়করণ চলতে পারে না। তিনি দাবি করেন, বর্তমান সরকার বিভিন্ন জায়গায় নিজেদের দলের লোকজনকে নিয়োগ দিচ্ছে এবং নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের পুনর্বহালের দাবি জানিয়ে হাসিব আল ইসলাম বলেন, ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাদের চাকরি দিতে হবে।
Leave a comment