কর্মীদের সাথে ছোট্ট একটি রসিকতা বা ‘প্র্যাঙ্ক’ করার উদ্দেশ্যে হাতে চকলেটের প্যাকেট তুলে দিয়েছিলেন দুবাইয়ের এক নারী উদ্যোক্তা। তবে সেই প্যাকেট খুলতেই কর্মীদের চোখ ছানাবড়া! কারও প্যাকেটে মিলল চকলেট, আর কারও হাতে দেখা গেল একেবারে নতুন উন্মোচিত ‘আইফোন ১৮’। পরবর্তীতে যারা চকলেট পেয়েছিলেন, তাদের বিষণ্ণ না করে হাসিমুখে উপহার দেওয়া হলো একটি করে আইফোন। ব্যতিক্রমী ও চমকপ্রদ এই উপহার বিতরণের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল।
সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড স্টার হোল্ডিং’-এর ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ ও তাঁর স্বামী প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিশাদ হুসাইন এই অভিনব আয়োজনের নেপথ্যে রয়েছেন। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান কয়েকজন সেরা কর্মীর মাঝে কিছু প্যাকেট বিতরণ করছেন। অর্ধেক প্যাকেটে রাখা ছিল বড় আকারের চকলেট বার এবং বাকিগুলোতে ছিল আইফোন ১৮। প্যাকেট খোলার পর যারা চকলেট পান, তারাও আন্তরিকভাবে তা গ্রহণ করেন। এরপরই হাসিনা নিশাদ নিজে উপস্থিত হয়ে চকলেট পাওয়া কর্মচারীদের হাতেও একেকটি নতুন আইফোন তুলে দেন।
হাসিনা নিশাদ জানান, “আমাদের সেরা পারফর্ম করা ১২ জন কর্মীর জন্যই এটি বিশেষ সারপ্রাইজ ছিল। চকলেটের বিষয়টি ছিল একটি নির্ভেজাল মজা। তবে লক্ষ্য করার বিষয় হলো, যারা আইফোন পাননি তারাও বিন্দুমাত্র অসন্তুষ্ট হননি। পরে যখন সবাইকে আইফোন তুলে দেওয়া হলো, তাদের বাঁধভাঙা আনন্দই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
প্রতিষ্ঠানটির কর্তাদের মতে, কর্মীদের প্রতি যত্নশীল হওয়াই ব্যবসায়িক সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিষ্ঠানটিতে কর্মীদের দীর্ঘদিন ধরে রাখার অন্যতম কারণ হলো সঠিক মূল্যায়ন ও উৎসাহ দেওয়া। ২০০৮ সালে মাত্র দু’জন মানুষ নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানে অনেক কর্মী শুরু থেকেই বিশ্বস্ততার সাথে কাজ করছেন। সেরা পারফর্মারদের ধরে রাখতে এর আগেও এই দম্পতি কর্মীদের জন্য বিলাসবহুল ইয়ট পার্টি, পাঁচ তারকা হোটেলে অবস্থান এবং আইফোন উপহার দেওয়ার মতো প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন।
Leave a comment