কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণের মাত্র চার ঘণ্টা পর মহাসড়কের পাশ থেকে হাত-পা ও মাথায় গভীর আঘাতের চিহ্নসহ তাঁর নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন জিসান। পথিমধ্যে কাকারা সাবের সদর এলাকার একটি দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে নিখোঁজের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের গলা, কপালসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দাবি, অপহরণের পরপরই জিসানকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার একটি ভবনে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে প্রমাণ আড়াল করতে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে রেখে যায় ঘাতকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে চারজন নারীকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a comment