ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত টিকটকার আব্দুল হাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ দিন পলাতক থাকার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, অভিযুক্তের বিরুদ্ধে নিহতের পরিবার মামলা করার পর থেকেই সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের একটি ভিডিও বানানোর জন্য সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়কে ১০ টাকার লোভ দেখায় স্থানীয় যুবক আব্দুল হাকিম। প্রলোভনে পড়ে শিশুটি একটি নির্জন ও পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেয়। পানিতে লাফ দেওয়ার মুহূর্তেই নিচে থাকা একটি মরিচাধরা লোহার তারকাটা সৌরভের পায়ে গভীরভাবে বিঁধে যায় এবং সে মারাত্মক আহত হয়। ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি ও হুমকিও দেয় ওই টিকটকার।
ঘটনার কিছুদিন পর শিশু সৌরভের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৪ এপ্রিল নিষ্পাপ শিশুটি প্রাণ হারায়।
এই হৃদয়বিদারক ঘটনায় নিহত শিশুর মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত হাকিম এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টানা প্রচেষ্টায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো।
Leave a comment