মো. ইয়াসিন সরকার, কুমিল্লা
ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে কুমিল্লার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দপ্তরে অনুপস্থিত পাওয়া যায়।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেন জানান, রোববার (৩১ মে) সকালে এমপি প্রথমে কুমিল্লা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেন। সেখানে নির্ধারিত সময়ে সব কর্মকর্তাকে উপস্থিত পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন ও শুদ্ধ বানানে দলিল লেখার নির্দেশ দেন। এ সময় তাঁদের দাবির প্রেক্ষিতে নতুন রেকর্ডরুম নির্মাণের ঘোষণাও দেন তিনি।
পরে বেলা ১১টার দিকে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রাক্কলনিকসহ কয়েকজন কর্মকর্তাকে অনুপস্থিত দেখা যায়।
এ সময় সংসদ সদস্য হাজিরা খাতা দেখতে চাইলে তড়িঘড়ি করে স্বাক্ষর করতে দেখা যায় কয়েকজন কর্মচারীকে। একজন কর্মচারীকে ঈদের আগের চার কর্মদিবসের উপস্থিতির স্বাক্ষর একসঙ্গে করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন সংসদ সদস্য।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক বলেন, প্রাক্কলনিক তারেক মোল্লা ছুটিতে আছেন। তিনি নিজেও ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত দায়িত্বে কুমিল্লায় আসছেন। জাতীয় পতাকা উত্তোলনে বিলম্ব হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
Leave a comment