দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও ভারতীয় আম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। ক্ষতিকর পোকা দমনের প্রক্রিয়ায় ত্রুটি ধরা পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।
এর ফলে ভারতের আলফোনসো, কেসর, ল্যাংড়া ও বাঙ্গানাপল্লীসহ জনপ্রিয় জাতের আমের রপ্তানি বড় ধাক্কার মুখে পড়েছে।
জাপানি কোয়ারেন্টাইন কর্মকর্তারা চলতি বছরের শুরুতে ভারতের একটি শোধন কেন্দ্র পরিদর্শনে গিয়ে পোকা দমন ব্যবস্থায় গুরুতর গাফিলতি খুঁজে পান। এরপরই ভারতীয় আম আমদানিতে কঠোর অবস্থান নেয় জাপান।
জাপান মূলত ফল মাছি ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়কে কৃষির জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে। এ কারণে দেশটিতে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর রয়েছে।
গত মার্চে ভারতের উত্তর প্রদেশের একটি ‘ভেপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) কেন্দ্র পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল। এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত গরম ও আর্দ্র বাতাসের মাধ্যমে আমের ভেতরের পোকা বা লার্ভা ধ্বংস করা হয়, যা জাপানে আম রপ্তানির বাধ্যতামূলক শর্ত।
তবে পরিদর্শনে কেন্দ্রটির জীবাণুমুক্তকরণ ও ধোঁয়াকরণ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি ধরা পড়ে। পরে জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন জানায়, ২০২৬ সালের ২৫ মার্চের পর ইস্যু করা সনদধারী কোনো ভারতীয় আমের চালান গ্রহণ করা হবে না।
যদিও জাপান ভারতের সবচেয়ে বড় আমের বাজার নয়, তবু এটি ছিল উচ্চমূল্যের একটি গুরুত্বপূর্ণ বাজার। ফলে এ নিষেধাজ্ঞা ভারতীয় আমচাষি ও রপ্তানিকারকদের জন্য বড় আর্থিক ধাক্কা হয়ে এসেছে।
সূত্র: এনডিটিভি
Leave a comment