মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিতে বেশ কিছু শর্ত দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ইরানের ফুটবল ফেডারেশন শুক্রবার নিজেদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, তারা বিশ্বকাপে অংশ নেবে, তবে দেশের সংস্কৃতি, বিশ্বাস ও আদর্শের সঙ্গে কোনো আপস করবে না।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তবে গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
এর মধ্যেই কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে সমস্যায় পড়েন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার ভিসা বাতিল করে কানাডা। ২০২৪ সালে কানাডা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
এই প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মেহেদি তাজ জানান, বিশ্বকাপে অংশ নিতে তেহরানের পক্ষ থেকে ১০টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—খেলোয়াড় ও কর্মকর্তাদের নির্বিঘ্ন ভিসা নিশ্চিত করা, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন এবং দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছেন এমন ফুটবলারদের বিরুদ্ধেও কোনো ধরনের জটিলতা সৃষ্টি করা যাবে না। উদাহরণ হিসেবে তিনি মেহেদি তারেমি ও এহসান হাজসাফির নাম উল্লেখ করেন।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জানিয়েছেন, ইরানের খেলোয়াড়দের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে ভিসা জটিলতা থাকতে পারে বলেও সতর্ক করেন তিনি।
অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে। বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
ইরানি ফেডারেশন স্পষ্টভাবে জানিয়েছে, যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে জায়গা পাওয়া কোনো দেশকে আন্তর্জাতিক রাজনীতির কারণে টুর্নামেন্ট থেকে বঞ্চিত করা উচিত নয়।
Leave a comment