২০১৫ সালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে র্যাবের টিএফআই সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
শনিবার (৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশনায় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। দ্রুত তদন্ত শেষ করে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে।
তিনি জানান, সালাহউদ্দিনকে গুমের পর ভারতে পাচারের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাঁদের বিষয়েও তদন্ত চলছে। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তারা সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। দ্রুত তাঁর আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে।
এ ছাড়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের তদন্ত সংস্থার কাছে দেওয়া জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর।
Leave a comment