দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ লক্ষ্যে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি জোরদার করতে বলেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। এতে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), সব মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভার্চ্যুয়ালি অংশ নেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন আইজিপি। পাশাপাশি নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পেশাদারত্বের সঙ্গে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।
তবে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছেন আইজিপি। এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।
Leave a comment