সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে তাঁর কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ তাঁকে নেশাগ্রস্ত বলে দাবি করছেন। তবে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত হানিয়া। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কথা বলার সময় তাঁকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। নিজের আসল চুল আড়াল করে উইগ পরানোর বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশনা দিতে শোনা যায় তাঁকে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য শুরু হয়। কেউ কেউ মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো দাবি করেন। তবে এসব দাবির সমর্থনে কোনো যাচাইযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি।
হানিয়ার অনেক ভক্ত এসব দাবির সমালোচনা করেছেন। তাঁদের মতে, ভিডিওতে এমন কোনো স্পষ্ট তথ্য নেই, যার ভিত্তিতে তাঁকে নেশাগ্রস্ত বলা যায়। কেউ কেউ ধারণা করছেন, ঘুম থেকে ওঠার পর বা কোনো অনুষ্ঠানের প্রস্তুতির সময় স্বাভাবিক কারণেও তাঁকে এমন দেখাতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তারকাদের স্বাভাবিক আচরণকে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি করার সমালোচনা করেছেন। তাঁদের মতে, যথেষ্ট প্রমাণ ছাড়া কাউকে মাদক বা অ্যালকোহল গ্রহণের সঙ্গে জড়ানো উচিত নয়।
এদিকে ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভাইরাল ভিডিও নিয়ে হানিয়া আমির বা তাঁর দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির। ভাইরাল ভিডিওকে ঘিরে আলোচনা ও বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আগ্রহ অব্যাহত রয়েছে।
Leave a comment