দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯৫৬ জনের শরীরে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম–সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৫৬ জন। আর পরীক্ষাগারে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় গত সাড়ে পাঁচ মাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৭২৬। একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে রোগীদের চিকিৎসা চলছে।
স্বাস্থ্যবিদেরা বলছেন, শিশু ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
Leave a comment