জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বলেন, আজ আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সাথী সাহা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।
তবে আজ নুরুল ইসলাম নাহিদকে আদালতে হাজির করা হয়নি। তিনি কারাগারে রয়েছেন।
জামিন আবেদনে বলা হয়, নুরুল ইসলাম নাহিদের বয়স ৮১ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং নিজ বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী, চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধা।
আবেদনে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অনেক আগে থেকেই তিনি রাজনীতি ও সব ধরনের পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন। দেশের আইন, আদালত ও সংবিধানের প্রতি তাঁর শ্রদ্ধা ও আস্থা রয়েছে। জামিন পেলে তিনি পলাতক হবেন না এবং মামলার বিচার কার্যক্রমে অংশ নেবেন। প্রয়োজনে উপযুক্ত জিম্মাদার দেওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৯ নভেম্বর রাজধানীর উত্তরার পশ্চিম থানার আওতাধীন একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। পরে সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার এজাহার ও নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় উত্তরার ৯ নম্বর সেক্টরে পেটে গুলিবিদ্ধ হন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নিহত সাদিকুলের প্রতিবেশী মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
পুলিশের আবেদনে বলা হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে আরও ১৪টি মামলা রয়েছে।
নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। টানা ১০ বছর তিনি এ দায়িত্ব পালন করেন।
Leave a comment