গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাত বছর বয়সী এক শিশুর অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাঁকে জামিন দেওয়া হয়।
এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
হাইকোর্টের ওই নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের পর ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এরপর ২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিক্ষককে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে হেফাজতে নেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়।
অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়।
ওই মামলায় গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজালাল রুমি। পরে ৩ নভেম্বর শুনানি শেষে আদালত তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন পাওয়ার পর শাহজালাল রুমি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ লাখ টাকার মিথ্যা মামলা দেয়। আজ আমি আদালতে গেলে আমাকে জামিন দিয়েছেন।’
তবে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগের বিষয়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
Leave a comment