অনলাইনে কিশোর পরিচয়ে অন্তত ৭০ কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাঁদের কাছ থেকে যৌন ছবি ও ভিডিও সংগ্রহ এবং ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজিকে (২৭) ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। এ ঘটনায় আরও শতাধিক কিশোরী ভুক্তভোগী হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
চেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিলাল কাজি চার বছর ধরে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার কিশোরীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে প্রতারণা ও যৌন হয়রানি চালান। ৩৭টি অভিযোগে দোষ স্বীকারের পর গত সপ্তাহে তাঁকে এ সাজা দেওয়া হয়।
পুলিশ জানায়, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ‘রিস’ নামের ১৪ বছর বয়সী এক কিশোরের পরিচয় ব্যবহার করে স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সের মতো অনলাইন প্ল্যাটফর্মে কিশোরীদের সঙ্গে যোগাযোগ করতেন কাজি। অল্প সময়ের মধ্যে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিশ্বাস অর্জন করতেন তিনি।
একপর্যায়ে ভালোবাসার প্রমাণ হিসেবে কিশোরীদের নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে বলতেন। কেউ রাজি না হলে আগে পাঠানো ছবি বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ করে তাঁদের ছবি পরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো এবং অনলাইনে প্রকাশ করেন তিনি। স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
চেশায়ার পুলিশের তদন্ত কর্মকর্তা জর্জিয়া হিউজ বলেন, একজন ভুক্তভোগী সাহস করে পুলিশের কাছে অভিযোগ করার পর ঘটনাটি সামনে আসে। অনেক কিশোরীই বিশ্বাস করতেন, তাঁরা রিস নামের ওই কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। প্রতারণার বিষয়টি জানার পর তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েন।
প্রথম অভিযোগ পাওয়ার পর কাজিকে শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ। ২০২৩ সালের ২১ জুলাই হিথ্রো বিমানবন্দরে গ্রেপ্তার হন তিনি। তাঁর মুঠোফোন জব্দ করে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর তথ্য পাওয়া যায়। এর মধ্যে সংরক্ষিত ব্যবহারকারীর নামের সূত্র ধরে ৭০ জনকে শনাক্ত করা হয়েছে।
গ্রেপ্তারের পর জামিনে মুক্ত থাকা অবস্থায়ও অনলাইনে কিশোরীদের সঙ্গে যোগাযোগ করে অপরাধ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কাজির বিরুদ্ধে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
প্রসিকিউশন বিভাগের বিশেষজ্ঞ আইনজীবী মার্টিন ম্যাকরব বলেন, বিপুলসংখ্যক ঝুঁকিপূর্ণ কিশোরীকে প্রতারণা, প্রভাবিত ও শোষণের ক্ষেত্রে কাজি চরম নির্মমতার পরিচয় দিয়েছেন।
সাজা অনুযায়ী, কাজিকে অন্তত ২০ বছর কারাগারে থাকতে হবে। এরপর প্যারোলের আবেদন করার সুযোগ পাবেন তিনি। মুক্তি পেলে আট বছর নজরদারির অধীনে থাকতে হবে তাঁকে। পাশাপাশি আজীবন যৌন অপরাধীর তালিকায় থাকতে হবে তাঁর নাম।
সূত্র: ইয়াহু
Leave a comment