যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাঁকে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৭ মিনিটে ড্যামিন্স হল অ্যারোড্রোমে দুর্ঘটনার খবর পায় লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। বিমানবন্দরটি এম২৫ মহাসড়কের কাছে দক্ষিণ এসেক্স সীমান্তে অবস্থিত।
খবর পেয়ে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স, একজন ইনসিডেন্ট রেসপন্স কর্মকর্তা, দ্রুতগতির গাড়িতে প্যারামেডিকস এবং হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিমের সদস্যরা পৌঁছান।
দুর্ঘটনায় আহত এক পুরুষকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অগ্রাধিকার ভিত্তিতে তাঁকে একটি মেজর ট্রমা সেন্টারে নেওয়া হয়।
বিমান দুর্ঘটনা তদন্ত শাখা (এএআইবি) জানিয়েছে, ড্যামিন্স হল অ্যারোড্রোমে ডিএইচ৮২এ টাইগার মথ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর তারা পেয়েছে।
আরএএফ মিউজিয়ামের তথ্য অনুযায়ী, টাইগার মথ একটি প্রশিক্ষণ বিমান। মডেলটির প্রথম উড্ডয়ন হয় ১৯৩১ সালে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু হয়েছে।
Leave a comment