রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় ঘোষণার পর এক বিবৃতিতে এসব তথ্য জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকে কার্যকর নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে আইসিজের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হচ্ছে। গণহত্যার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে।
বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের নিন্দা জানান এড মিলিব্যান্ড। তিনি বলেন, এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় পুরোপুরি মেনে চলতে হবে।
রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ভূমিকা রাখার আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে দায়মুক্তি না পান, তা নিশ্চিত করা জরুরি।
এর আগে বৃহস্পতিবার ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের ঘটনায় দেশটির বিরুদ্ধে রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত।
রায়ে আদালত বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এর মাধ্যমে দেশটি গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত আন্তর্জাতিক সনদ লঙ্ঘন করেছে।
আদালত মিয়ানমারকে গণহত্যার পুনরাবৃত্তি রোধ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের প্রতিকার নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।
Leave a comment