২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখননকাজ উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। তারা নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৬ বছর ধরে যারা জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়।
পরাজিত শক্তির আস্ফালনে বিভ্রান্ত না হয়ে সরকারের পাশে থাকার জন্য তিস্তা পাড়ের মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় ১৬ বছর ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ কেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি, সেই প্রশ্ন তোলেন তিনি।
তারেক রহমান বলেন, তিস্তা পাড়ের এই জনপদেও উন্নয়নের স্রোত বইবে। তিস্তার স্রোতের সঙ্গে উন্নয়নের গতিও মেলাতে চান এ অঞ্চলের মানুষ। এ জন্য লালমনিরহাট থেকে দেশবাসীর প্রতি ঐক্য ও সহযোগিতার আহ্বান জানান তিনি।
এর আগে দিনের প্রথম কর্মসূচিতে প্রধানমন্ত্রী লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
Leave a comment