কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না।’
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘খুনি হাসিনার দলের নেতা-কর্মীদের জন্য আমার দক্ষিণ যুবদলের নেতা-কর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভেতরে। খোদার কসম ছাড়ব না কিন্তু।’
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় নয়ন দাবি করেন, বুধবারও কয়েকজন ব্যক্তিকে আটকের পর তিনি নিজে তাঁদের রক্ষা করেছেন। তবে রাতে যারা অগ্নিসংযোগ বা নাশকতার উদ্দেশ্যে বের হবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
বিএনপির সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরির চেষ্টা করছেন বলে দাবি করা কয়েকজন ব্যক্তিরও সমালোচনা করেন যুবদলের এই নেতা।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যাঁরা দলটির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের কেউ কেউ এখন বিএনপির পরিচয়ে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন। তবে এভাবে তাঁরা নিজেদের রক্ষা করতে পারবেন না বলে মন্তব্য করেন নয়ন।
বক্তব্যের একপর্যায়ে রবিউল ইসলাম নয়ন দাবি করেন, শেখ হাসিনা ও তাঁর দলের নেতা-কর্মীদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি আর নেই।
Leave a comment