বিশ্ব রাজনীতির নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তাঁরা।
ক্রেমলিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম ভেস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই নেতার বৈঠক চূড়ান্ত হয়েছে। সব নেতা উপস্থিত থাকলে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই তাঁদের প্রথম সাক্ষাৎ হতে পারে।
উশাকভ আরও জানান, বৃহস্পতিবার এপেক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে এবং অধিবেশন শেষে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে একাধিকবার আলোচনারও সম্ভাবনা রয়েছে।
দুই নেতার আলোচনায় গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু উঠে আসবে বলে জানান উশাকভ। তাঁর ভাষায়, তাঁরা যেখানেই বসে আলোচনা করুন না কেন, কথাবার্তা হবে বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ।
এপেক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার গভীর রাতে শেনজেনে পৌঁছান পুতিন। অন্যদিকে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড জোটের আওতায় জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বুধবার শেনজেনে পৌঁছান ট্রাম্প।
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে তিন নেতার সম্ভাব্য বৈঠককে ঘিরেও আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট ও বৈশ্বিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
Leave a comment